দৌলতদিয়ায় ৭ কিলোমিটার যানজট


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১০:২৯ এএম
দৌলতদিয়ায় ৭ কিলোমিটার যানজট

দৌলতদিয়া-পাটুরিয়া ফোরিঘাটের দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ জট। ঘাটের ড্রেজিং কাজ চালু থাকায় এমন যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এর ফলে ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকার প্রায় ৭ কিলোমিটার অংশজুড়ে যাত্রীবাহী বাস, কাঁচা পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ ব্যক্তিগত গাড়ির জট রয়েছে।

ঝিনাইদহ থেকে আসা বাসযাত্রী পায়েল সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ে কিছু কাজ থাকায় আজ ঢাকা যাচ্ছি। কিন্তু এই দীর্ঘ যানজটে বসে থাকতে এখন অসহ্য লাগছে। কখন ফেরিতে উঠতে পারব, কোনো নিশ্চয়তা নেই।”

পটুয়াখালী থেকে আসা মেহজাবিন অনন্যা বলেন, “প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ধরে যানজটে বসে আছি। কখন ফেরিতে উঠতে পারব জানি না। এই গরমের মধ্যে যানজটে বসে থেকে হাঁপিয়ে উঠেছি।”

খুলনা থেকে আসা সোহাগ পরিবহনের চালক আব্দুল লতিফ মিয়া জানান, “দীর্ঘ জটে বসে থেকে ক্লান্তি চলে আসছে। ঘুম ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনাও ঘটতে পারে।”

চুয়াডাঙ্গা থেকে আসা আরেক চালক কলিম উদ্দিন জানান, “গতকাল রাতে ঘাট এলাকায় এলেও ফেরিতে উঠতি পারি নাই। জ্যামে আটকে আছি। এখানে হোটেল, বাথরুম না থাকায় আমাদের ভোগান্তি হচ্ছে।”

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন (বাণিজ্য) বলেন, “ঘাটের ড্রেজিং কাজ চলার কারণে যানবাহন পারাপারে একটু সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা সেটি নিরসনের জন্য কাজ করছি। এখন আমাদের ২০টি ফেরি চলাচল করছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও কাঁচা পণ্যবাহী ট্রাক পারাপার করছি। আশা করছি, দ্রুত সময়ে এই যানজট কেটে যাবে।”

Link copied!