বরিশালে মাদক কারবারির হামলায় সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আলম রায়হান গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরীর বটতলা এলাকায় ‘দৈনিক দখিনের সময়’ পত্রিকা অফিসে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক কারবারি তৌহিদ, আল আমিন, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অতর্কিতে দখিনের সময়ের অফিসে গিয়ে হামলা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হন তারা।
পরে সাংবাদিকরা আলম রায়হানকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হামলাকারীদের সঙ্গে সাংবাদিক আলম রায়হানের জমিসংক্রান্ত বিরোধ চলছে। আলম রায়হানের ওপর হামলা করে হামলাকারীরা তাদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করে পুলিশে খবর দেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই অভিযোগকারীরাই সাংবাদিক আলম রায়হান ও তাঁর অফিসে হামলা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বরিশাল সাংবাদিক সংগঠনগুলো।






































