পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রশিদ মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার আতাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
রশিদ মোল্লা ওই গ্রামের মৃত কেফাত মোল্লার ছেলে।
নিহতের স্বজনরা জানান, আতাইকান্দা গ্রামের রশিদ মোল্লা ও তার চাচাতো ভাই আফতাব মোল্লার মধ্যে জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ আফতাব মোল্লা ধারালো অস্ত্র নিয়ে রশিদ মোল্লার বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন গুরুতর আহত রশিদ মোল্লাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। অভিযুক্তরা এখনো পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”






































