• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

সুপারিবাগান পাহারা দিতে গিয়ে লাশ হলেন বৃদ্ধ


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ১২:২১ পিএম
সুপারিবাগান পাহারা দিতে গিয়ে লাশ হলেন বৃদ্ধ

ভোলায় দৌলতখান উপজেলায় বাড়ির পাশের সুপারিবাগান থেকে মো. আব্দুল সাত্তার (৬৫) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আব্দুল সাত্তার এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আব্দুল সাত্তারের বাড়ির পাশে একটি বড় সুপারিবাগান রয়েছে। ওই বাগানের সুপারি চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি সেখানে প্রতিদিন রাতে পাহারায় থাকতেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতের খাবার খেয়ে সুপারিবাগানে যান তিনি। রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে বুধবার সকালে স্থানীয়রা সুপারিবাগানে সাত্তারের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।” 

ওসি মো. বজলার রহমান আরও বলেন, “ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি তার গলা কাটা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।”

Link copied!