গাছের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৫:০৩ পিএম
গাছের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সুমি আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুরু পাটোয়ারী হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীরা জানান, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গুচ্ছগ্রামে যাওয়ার পথে বরযাত্রীসহ মাইক্রোবাসটি নুরু পাটোয়ারীর হাটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা সব যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পূর্ব এওজবালিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে সুমি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় আরও ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

হাসপাতালের চিকিৎসক আলী আহমদ জানান, গাড়িতে থাকা একজন মারা গেছেন। আহতদের মধ্যে শিশুসহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হতে পারে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Link copied!