টাঙ্গাইলের কালিহাতীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ছায়েদ আলী খান (৬০) নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি ছায়েদ আলী নওগাঁ জেলার পোরশা উপজেলার কোচপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
নিহতের ভাতিজা বাস যাত্রী আমিনুল ইসলাম বলেন, “চাচাসহ তিনজন ঢাকা যাওয়ার জন্য রাতে নওগাঁ থেকে রওনা হয়েছি। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভুঞাপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গাড়ি সঠিকভাবে চালাতে চালককে বারবার সতর্ক করা হয়। পরে বাসটি সড়কের বাঁক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।”
অন্য বাসযাত্রীরা অভিযোগ করেন, চালক ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন। বারবার চালককে সতর্ক করার পরও কোনো কথাই শোনেননি।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, ভূঞাপুর, এলেঙ্গা ও কালিহাতী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত বাসের ভেতর কেউ আছে কি না, তা জানার চেষ্টা চলছে।
এদিকে দুর্ঘটনার পরই চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান স্টেশন অফিসার আবুল কালাম।





































