• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ল পর্যটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৮:৫৮ এএম
সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ল পর্যটক

কক্সবাজার সৈকতে রাতের অন্ধকারে উড়ন্ত প্যারাসেইলিং থেকে ছিটকে পড়েছেন পর্যটক তিন্নি আক্তার (২৬)। এ সময় তিনি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সৈকতের দরিয়া নগর পয়েন্টে সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত তিন্নি আক্তার ঢাকার খিলক্ষেতের তারিকুল হকের স্ত্রী।

তারিকুল হক বলেন, “আমরা ১৫ সেপ্টেম্বর ঢাকা থেকে সপরিবার কক্সবাজার আসি। বাচ্চাসহ আমরা ছিলাম ৪ জন। কক্সবাজারে মারমেইড রিসোর্টে উঠি। বৃহস্পতিবার সকালে হোটেল ওশান প্যারাডাইসের ৪১০ নম্বর রুমে উঠি। বেড়ানোর উদ্দেশ্যে বিকেলে শহরের অদূরে দরিয়া নগর আসি। সেখানেই আমার স্ত্রী শখে প্যারাসেইলিংয়ে ওঠে। ৫ মিনিটের জন্য ২ হাজার টাকা ভাড়ায় প্যারাসেইলিংয়ে চড়ে সে। পরে প্যারাসাইলিং নামার সময় বালিয়াড়িতে পড়ে দুই পায়ে গুরুতর ব্যথা পায় তিন্নি।”

তারিকুল আরও বলেন, আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে প্রাইভেট হাসপাতাল ফুয়াদ আল খতিবে ভর্তি করা হয়। তিন্নি আক্তারের অপারেশন চলছে। চিকিৎসক কী বলেন তা শুনে ঢাকায় নিয়ে যাব।

এদিকে প্যারাসাইলিংয়ের মালিক দরিয়া নগর পয়েন্টের ব্যবসায়ী ফরিদ আলমকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা পারভেজ বলেন, “নিয়ম ভেঙে সন্ধ্যা ৭টায় প্যারাসেইলিং করাচ্ছিলেন ফরিদ আলমের মালিকানাধীন প্যারাসেইলিংয়ের চালক। অন্ধকার হয়ে গেলে প্যারাসাইলিং নিচে নেমে আসার সময় সৈকতের বালিয়াড়িতে ওই নারী ছিটকে পড়েন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম  বলেন, “বিচ কর্মীদের সহযোগিতায় ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি দুই পায়ে আঘাত পেয়েছেন।“

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, নিয়ম ভেঙে প্যারাসাইলিং চালানোর ব্যাপারে খবর নেওয়া হচ্ছে। ঘটনা সত্য প্রমাণিত হলে প্যারাসাইলিংয়ের মালিক ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!