পাঁচ নৈশপ্রহরীকে বেঁধে ডাকাতি


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৬:০৯ পিএম
পাঁচ নৈশপ্রহরীকে বেঁধে ডাকাতি

ফরিদপুরে জেলার বাখুন্ডা বাজারে পাঁচজন নৈশপ্রহরীকে বেঁধে মারধর করে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। 

শনিবার (২৭ মে) ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলার শিকার জালাল (৪৫) নামের এক নৈশপ্রহরীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

বাখুন্ডা বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব জানান, তাদের বাজারের তিনপাশে গেট দিয়ে আটকানো। ভোর রাতে বাজারের নৈশপ্রহরীদের বেঁধে একেকজনকে একেকস্থানে ফেলে রাখে ডাকাতরা। এরপর বাজারের বড় বড় ১০টি দোকানের তালা ভেঙ্গে সব লুট করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় বাজারের চাল ব্যবসায়ী রাজীব শেখের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি টাকা ও মালামাল লুট করা হয়েছে। এছাড়া গোবিন্দ দত্তের মুক্তা জুয়েলার্স, ধীরেন চন্দ্রের মা জুয়েলার্স, ফজলুল হকের তালুকদার হার্ডওয়ার, উৎপল দত্তের অনিক জুয়েলার্স, দেলোয়ার হোসেনের ইলেক্ট্রনিক্সের দোকান, দুটি মুদি দোকান, একটি ফলের দোকান ও একটি ফ্লেক্সিলোডের দোকানে ডাকাতি করা হয়।

স্বর্ণ ব্যবসায়ী গোবিন্দ জানান, তারা গ্যাসের আগুন দিয়ে দোকানের আলমারি খোলার চেষ্টা করে।

ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ জলিল বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমিও গিয়ে দেখে এসেছি। ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলার পর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!