গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা কমেছে। হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে করোনায় আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের সবার করোনা উপসর্গ ছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের একজন ও নওগাঁর দুইজন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা ১২১ জন। রাজশাহীর দুটি ল্যাবের নমুনা পরীক্ষা হয়। সেখানে শনাক্তের হার শূন্য ১ দশমিক ৪১ শতাংশ।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা গত ৯৯ দিনে সর্বনিম্ন। এর আগে গত ৭ জুন ৩০ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার সাতজনে। আর ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩ জন ও বেসরকারি হাসপাতালে ২ জন মারা যান।





































