দিনাজপুরের পার্বতীপুরে খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার মোবারকপুর অরক্ষিত রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রামের উলিপুর মুসলিম পাড়া এলাকার কনসের আলীর ছেলে হামিদুল (৩৫) এবং নীলফামারী জলঢাকা এলাকার মৃত আলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল ও সুশান্ত রায় দুজনেই নীলফামারীতে ব্র্যাকে চাকরি করতেন। প্রাতিষ্ঠানিক ছুটিতে তারা দুজনই রাজশাহী যাচ্ছিলেন। পথে মোবারকপুর রেলগেট এলাকায় পৌঁছালে তারা রেললাইনে মোটরসাইকেল তুলে দেন। এ সময় স্থানীয়রা নিষেধ করলে তারা তা কর্ণপাত করেননি। একপর্যায়ে রকেট মেইলের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পরে পার্বতীপুর জিআরপি থানায় খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইলের ধাক্কায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহর সুরতহাল প্রস্তুত করা হয়েছে। নিহতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হবে।






































