ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুজনকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ২


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৮:১৩ পিএম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুজনকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ২

ফরিদপুরের বোয়ালমারীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিফাত শেখ (১৬) ও নিয়ামুল ইসলাম নাঈমকে (১৫) কোপানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন বোয়ালমারী উপজেলার চালিনগর গ্রামের জামিল মোল্লার ছেলে আকাশ মোল্লা (২২) ও শাকিল মোল্লা (১৮)। সোমবার (২৪ এপ্রিল) রাত ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অভিযুক্ত আকাশ মোল্লা ফেসবুকে হামলার হুমকি দিয়ে স্ট্যাটাস দেয়। এরপর শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সামনে কিশোর গ্যাংয়ের ২০ থেকে ২৫ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে হামলা করে। এ সময় সিফাত ও নাঈমকে তারা পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়।

র‌্যাব কর্মকর্তা কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে তাদের বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!