প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে নৌরুটে রাত আড়াইটার পর থেকে ফেরি চলাচল বন্ধ থাকে। ভোর পাঁচটার দিকে কুয়াশার মাত্রা আরও বেড়ে যায়। এতে নৌরুটের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। সকাল ৯টার পর কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে মাঝনদীতে আটকে থাকা পাঁচটি ফেরি হাসনা-হেনা, পরাণ, এনায়েতপুরী, রজনীগন্ধা, ফরিদপুরী গন্তব্যে রওনা করে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের টিএ মো. হারুন মিয়া জানান, ভোর থেকে কুয়াশার তীব্রতা বেশি। ১০ মিটারের বেশি দেখা যাচ্ছিল না। এই বছরের মধ্যে সবচেয়ে বেশি কুয়াশা ছিল।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা অসংখ্য যানবাহনের চলাচলও স্বাভাবিক হয়েছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।








































