• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

আবারও বাড়ল পদ্মার পানি


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৩:৫৮ পিএম
আবারও বাড়ল পদ্মার পানি

রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে আবারও পানি বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (২৯ আগস্ট) জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ফলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানান, কয়েকদিন ধরে পদ্মার পানি কমতে থাকলেও গত ২৪ ঘণ্টায় জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে ১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে, সদর উপজেলার মাহেন্দ্রপুর পয়েন্টে গত ১২ ঘণ্টায় পানি ১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে পানি গত ১২ ঘন্টায় ৩ সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, গত কয়েকদিনে পদ্মার পানি কমায় নিচু প্লাবিত অঞ্চল থেকে পানি নামতে শুরু করেছিল এবং বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছিল এবং কিছু স্থানে স্বাভাবিক ছিল। তবে আজ আবার পানি বাড়ায় আগামী ২৪ ঘণ্টায় জেলার বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, এখনো ত্রাণ সহায়তা না পৌঁছেনি বলে অভিযোগ করেছেন পানিবন্দিরা।

তবে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, জেলার ৫ হাজার ৭০০ পরিবারের কাছে ইতিমধ্যে ত্রাণ সহায়তা পৌঁছানো হয়েছে এবং বাকি যতগুলো পরিবার রয়েছে তাদের কাছে সহায়তা পৌঁছানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাবগের হিসাব মতে পদ্মায় পানি বাড়ার ফলে জেলার সাড়ে সাত হাজার পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

Link copied!