ঝিনাইদহে বাস শ্রমিক আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১২টা থেকে এ সড়ক অবরোধ করা হয়।
এতে ঝিনাইদহের সঙ্গে মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ সারা দেশের যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। ফলে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
ঝিনাইদহ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিয়ার রহামান জানান, শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী উঠানো নিয়ে ইজিবাইক ও বাস শ্রমিকের মধ্যে বাকবিতাণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ বাস মালিক সমিতির নেতা শান্তি কুমার দেদাস ও শ্রমিক নেতা ইমরান হোসেনকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে শহরের আরাপপুর, টার্মিনাল, বাইপাস ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এসময় তারা সকল রুটে যান চলাচল বন্ধ করে দেয়। এতে উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা। পরে শ্রমিকদের পুলিশ ছেড়ে দিলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, শ্রমিকদের সঙ্গে পুলিশের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে তারা সড়ক অবরোধ তুলে নেয়।






































