তিন স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৫:১৬ পিএম
তিন স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

নাটোরে সাবেক তিন স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মানহানি এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে নাটোর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার।

স্বেচ্ছাসেবক লীগের সাবেক জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মলয় রায় এবং শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভকে বিবাদী করে মামলা করেছেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, গত ২২ জুলাই শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মেহেদি হাসান শুভর ব্যক্তিগত অফিসে বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলারের বাবাকে রাজাকার বলে সম্বোধন করা হয় এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

এরই সূত্র ধরে আজকে মানহানি এবং তথ্য প্রযুক্তি আইনে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গুলজার হোসেনের আদালতে এই মামলা দায়ের করেন। মামলার গ্রহণ করে ২ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাব-৫ সিপিসি-২ কে মামলার তদন্তের দায়িত্ব অর্পণ করেন বিচারক।

Link copied!