বিশ্বকাপের গ্রুপ পর্বে আর একটি করে ম্যাচ বাকি। এরই মধ্যে ফুটবল বিশ্লেষক সংস্থা ‘গাতো মেস্ত্রে’ ও অর্থনীতিবিদ ব্রুনো ইমাইজুমির এক যৌথ গাণিতিক বিশ্লেষণে দেখা গেছে, যেসব দল প্রথম দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট অর্জন করেছে, তাদের নকআউট বা শেষ ৩২-এর টিকিট একপ্রকার নিশ্চিত। এই তালিকায় রয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিলও। শুধু তাই নয়, সম্ভাব্য বিশ্বকাপজয়ী হিসেবে শীর্ষে রাখা হয়েছে স্পেনকে।
নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দলের পাশাপাশি আটটি সেরা তৃতীয় স্থান অধিকারী দলও পরের রাউন্ডে যাবে। ফলে পজেটিভ গোল ব্যবধানসহ ৪ পয়েন্ট পাওয়া দলগুলো কোনোভাবেই বাদ পড়ছে না। গাণিতিক ১০ হাজার সিমুলেশনের একটিতেও ৪ পয়েন্ট পাওয়া দলগুলোর বাদ পড়ার কোনো নজির দেখা যায়নি।
আর্জেন্টিনা ইতোমধ্যেই নকআউট নিশ্চিত করেছে। কাগজে-কলমে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ ড্র করলেই নকআউটে যাবে ব্রাজিল। তবে গাতো মেস্ত্রের মডেল অনুযায়ী, স্কটল্যান্ডের কাছে হেরে ব্রাজিল যদি গ্রুপের তৃতীয় স্থানেও নেমে যায়, তাও সেলেসাওদের নকআউটে যাওয়ার সম্ভাবনা শতভাগ। ৪ পয়েন্ট পাওয়া দলগুলোর মধ্যে কেবল গ্রুপ ‘এল’-এর ঘানার টিকিট এখনো নিশ্চিত নয়। কারণ তাদের গোল ব্যবধান মাত্র ১ এবং শেষ ম্যাচে তাদের লড়তে হবে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে।
নকআউটে ওঠার শতভাগ সম্ভাবনা যে দলগুলোর:
গ্রুপ সি: ব্রাজিল (১০০%), মরক্কো (১০০%), স্কটল্যান্ড (৮৬.৮৫%)
গ্রুপ এইচ: স্পেন (১০০%), সৌদি আরব (৬৬.৫০%), উরুগুয়ে (৪৭.৪৩%)
গ্রুপ আই: ফ্রান্স (১০০%), নরওয়ে (১০০%), সেনেগাল (৩৬.৭২%)
গ্রুপ জে: আর্জেন্টিনা (১০০%), অস্ট্রিয়া (৯২.৬৯%), আলজেরিয়া (৮৬.৫৩%)
এদিকে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে শিরোপার দৌড়ে অনেক এগিয়ে গেছে ইউরোপীয় পরাশক্তি স্পেন। বাজির দর ও গাণিতিক মডেলে স্পেন এখন বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় ফেবারিট। স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১১.৩৫% থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২.৩২ শতাংশে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স (১১.৯৯%)। আর অস্ট্রিয়াকে হারিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৮.৮৫% থেকে বাড়িয়ে ১০.৯৪%-এ নিয়ে গেছে।
চলতি আসরে এখন পর্যন্ত খুব একটা চোখধাঁধানো ফুটবল উপহার দিতে না পারা ব্রাজিলের হেক্সা জয়ের সম্ভাবনা মাত্র ৩.৬%। ফেবারিট তিন দলের চেয়ে তো বটেই, এমনকি ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি এবং নেদারল্যান্ডসের চেয়েও শিরোপা জয়ের সম্ভাবনায় পিছিয়ে রয়েছে সেলেসাওরা। কার্লো আনচেলত্তির দলের অবস্থান আট নম্বরে। অর্থনীতিবিদ ব্রুনো ইমাইজুমি জানান, ফিফা র্যাংকিং, দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স, ট্রান্সফারমার্কেট অনুযায়ী খেলোয়াড়দের বাজারমূল্য এবং বিশ্বকাপে দলগুলোর অতীত ইতিহাস—সবকিছুর ডাটা অ্যানালাইসিস করেই প্রতিটি রাউন্ড শেষে এই সম্ভাব্যতার হিসাব করা হয়, যা পরিবর্তনশীল।
গাতো মেস্ত্রের শীর্ষ ১০ শিরোপাপ্রত্যাশী:
০১. স্পেন (১২.৩২%)
০২. ফ্রান্স (১১.৯৯%)
০৩. আর্জেন্টিনা (১০.৯৪%)
০৪. ইংল্যান্ড (৬.২০%)
০৫. পর্তুগাল (৫.৬৬%)
০৬. জার্মানি (৪.৮২%)
০৭. নেদারল্যান্ডস (৩.৭৬%)
০৮. ব্রাজিল (৩.৬০%)
০৯. মরক্কো (৩.২০%)
১০. নরওয়ে (৩.০৭%)
- গ্লোবো স্পোর্ত অবলম্বনে































