ব্রাজিলের সম্ভাব্য একাদশ

রাফিনিয়ার জায়গায় ১৯ বছরের তারকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০১:০৯ পিএম
রাফিনিয়ার জায়গায় ১৯ বছরের তারকা

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মায়ামিতে এই হাইভোল্টেজ ম্যাচের আগে সেলেসাও শিবিরে বড় কোনো পরিবর্তনের আভাস নেই।


তবে ইনজুরির কারণে ছিটকে যাওয়া উইঙ্গার রাফিনহার জায়গায় আজ একাদশে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানকে।
বর্তমানে ‘জি’ গ্রুপে মরক্কোর চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। শীর্ষস্থান ধরে রাখার এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কোচ কার্লো আনচেলত্তি। একাদশের অন্যতম দুই ভরসা ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোস রয়েছেন কার্ডের ঝুঁকিতে।


আজ আর একটি হলুদ কার্ড পেলেই পরের ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে তাদের। তবে এমন সমীকরণের সামনে দাঁড়িয়েও এই দুই তারকাকে বিশ্রামে রাখার পক্ষপাতী নন ডাগআউটের মাস্টারমাইন্ড।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেওয়া ছাড়া আর কিছুই ভাবছি না। রাফিনহার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার।


কার্ডের কথা চিন্তা করে দল সাজানোর কোনো মানে খুঁজে পাচ্ছি না।’
অনুশীলনের চিত্র বলছে, ডান প্রান্তের আক্রমণভাগে তরুণ রায়ানকেই পরখ করে নিয়েছেন আনচেলত্তি। বিকল্প হিসেবে লুইস হেনরিখকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও, কোচের প্রথম পছন্দ এই তরুণ তুর্কিই। মাঠের গতি সচল রাখতে ও আক্রমণকে প্রসারিত করতে রিয়াল মাদ্রিদের সাবেক এই গুরুর বড় আস্থা এখন রায়ানের ওপরই।

এদিকে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে, স্কোয়াডে ফিরছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র।


তবে শতভাগ ফিট না থাকায় এখনই তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ১০ নম্বর জার্সিধারী এই পোস্টার বয় আজ শুরু করবেন সাইডবেঞ্চ থেকে। ম্যাচের পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী দ্বিতীয়ার্ধের শেষভাগে তাকে মাঠে নামানো হতে পারে।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

আলিসন, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

Link copied!