গ্রুপ ‘কে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ডিআর কঙ্গোকে ১–০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি এসেছে ৭৬তম মিনিটে দানিয়েল মুনিওজের পা থেকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। তবে গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। এর আগে লুইস দিয়াজ দুই মিনিটের ব্যবধানে দুইবার বল জালে পাঠালেও কোনো গোলই মানা হয়নি। একবার ফাউলের কারণে এবং আরেকবার অফসাইডের কারণে বাতিল হয় তার দুটি প্রচেষ্টা।
ডিআর কঙ্গো গোলরক্ষক লিওনেল এমপাসি প্রথমার্ধেই একাধিক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। তবে শেষ পর্যন্ত তার প্রতিরোধও ভেঙে যায়।
জয়সূচক গোলটি আসে দারুণ এক আক্রমণ থেকে। জন কর্ডোবার বুদ্ধিদীপ্তভাবে বল ছেড়ে দেওয়ার পর দানিয়েল মুনিওজের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
































