স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন অভিনেতা জাহের আলভী, যার প্রকৃত নাম নিয়ামত উল্লাহ ভুইয়া। আদালতে হাজির হওয়ার সময় তাকে মাস্ক পরা অবস্থায় দেখা যায়।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে তার জামিন আবেদন শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
জানা গেছে, ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও আফরা ইভনাথ ইকরা। তাদের এক ছেলে সন্তান রয়েছে।
এর আগে একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।


































