শুরু থেকে দুই দলই মেলে ধরল গতিময় ফুটবলের পসরা। আক্রমণ, পাল্টা আক্রমণে জমে উঠল ম্যাচ। সুযোগ এলো, নষ্টও হলো। প্রথমার্ধে পোস্ট পথ আগলে দাঁড়াল দুই দলেরই। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ছোট্ট ভুলের সুযোগ কাজে লাগাল পাকিস্তান। বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল পাকিস্তান।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে পাকিস্তান। আগামী মঙ্গলবার তারা শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরেই এবারের আসর শুরু করেছিল তারা।
উত্তাপ ছড়ানো ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সম্ভাব্য হারের হতাশায় ফুঁসে ওঠেন সমর্থকেরা। গ্যালারি থেকে বিভিন্ন রঙের আতশবাজি ছুড়ে মারতে থাকেন মাঠের দিকে। কয়েকটি এসে পড়ে মাঠের মধ্যে। ধোঁয়াশাচ্ছন্ন হয়ে ওঠে মাঠ। এতে খেলা বন্ধ থাকে মিনিট তিনেক।
এরপর খেলা শুরু হলেও বলের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বনাথের সঙ্গে বেঁধে যায় পাকিস্তানের খেলোয়াড়দের। এই ঘটনা শান্ত হওয়ার পর কর্নারের কাছাকাছি জিদানের সঙ্গে ধাক্কাধাক্কি হয় গোলদাতা আব্দুল সামাদ শেহজাদের। অবশ্য রেফারি দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফের খেলা শুরু হতে না হতেই বাজে শেষের বাঁশি। প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মাঠেই বাঁধনহারা উৎসবে মাতেন পাকিস্তানের খেলোয়াড়েরা। ২০০৫ সালের পর প্রথম ফাইনালে খেলার লক্ষ্য এবং ২০০৩ সালের পর দ্বিতীয় শিরোপার স্বপ্ন গুঁড়িয়ে যায় বাংলাদেশের।
দুটি পরিবর্তন এনে পাকিস্তান ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ। চোট পেয়ে দলের বাইরে চলে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুকি ইতোফুসাকে সুযোগ দেন তিনি।
গ্রুপ পর্ব শেষে দলের সঙ্গে যোগ হওয়া পাঁচ প্রবাসীকে রেখেই একাদশ সাজান পাকিস্তান কোচ নেলবের্তো সোলানো। সুইডেন প্রবাসী ডিফেন্ডার আব্দুল্লাহ ইকবাল ও ফরোয়ার্ড আলি আকবর খান, ইংল্যান্ড প্রবাসী ডিফেন্ডার এশাহ সুলাইমান ও মিডফিল্ডার আদিল নবি এবং ডেনমার্ক প্রবাসী উইঙ্গার আব্দুল সামাদ শেহজাদকে একাদশে রাখেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে সমর্থকদের পাশে চেয়েছিলেন বাংলাদেশ কোচ ডুলি। তাঁর চাওয়া পূরণ করে গ্যালারি ভরে ওঠে সমর্থকে। তাঁদের উল্লাস ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক।
দ্বিতীয় মিনিটেই আক্রমণ শাণায় পাকিস্তান। বক্সের বাইরে থেকে বল পায়ে কিছুটা এগিয়ে জোরালো শট নেন আলি উজাইর মাহমুদ। দারুণ ক্ষিপ্রতায় ফিস্ট করে ফেরান মেহেদী হাসান শ্রাবণ।
পাঁচ মিনিট পর বক্সের একটু ওপর থেকে কাজেম শাহ কিরমানির নিচু শটে গতি ছিল না বেশি। পাকিস্তানের গোলকিপার ইউসুফ ইজাজ বাট সহজেই আটকান।
ষোড়শ মিনিটে রাকিবের বাঁ পায়ের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়ে যায়। এই আক্রমণের শুরুতে মহিবুল্লাহর চার্জে পড়ে যান ইতোফুসা। তবে রেফারি ফাউল দেননি।
২৩তম মিনিটে ফারহানের কর্নারের পর বক্সে শমিত হেড করার পর শট নেন রাকিব। ঝাঁপিয়ে পড়া বাটের গ্লাভস ছুঁয়ে বল পোস্টের বাইরের দিকে লাগার পর জুনাইদ আহমেদ ক্লিয়ার করেন।
২৯তম মিনিটে দেওয়া প্রথম কুলিং ব্রেকের পরই বেঁচে যায় বাংলাদেশ। বক্সের জটলার ভেতরে কাজী তারিক রায়হান পাহারায় রাখতে পারেননি আব্দুল সামাদ শেহজাদকে। এই উইঙ্গারের শট পোস্টে লেগে ফিরে আসার পর দ্রুত কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন জিদান আলেক্সান্ডার ইউসুফ।
প্রথমার্ধের শেষ দিকে ইতোফুসার দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে পাকিস্তানের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে বারবার আক্রমণে উঠতে থাকেন ইতোফুসা। কিন্তু জমাট রক্ষণে পোস্ট আগলে রাখে পাকিস্তান। ৬২তম মিনিটে ইতোফুসাকে তুলে ইব্রাহিমকে নামান ডুলি।
একটু পর বক্সের বাইরে থেকে আদিলের ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নার করে দেন শ্রাবণ। ৭৬তম মিনিটে রহমতকে তুলে বিশ্বনাথ ঘোষকে নামান বাংলাদেশ কোচ। একটু পর পাকিস্তানের হারিস আলির শট যায় ক্রসবারের ওপর দিয়ে।
৮২তম মিনিটে সামাদের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন শ্রাবণ। তিন মিনিট পর এশাহর কাছের পোস্টে নেওয়া শট আটকান শ্রাবণ।
এরপরই ভুলটা করেন শ্রাবণ। লম্বা থ্রোয়ে তিনি বল তুলে দেন পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে জিদান ও জায়ানের ফাঁক দিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন সামাদ। শ্রাবণ ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি। এই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
এই জয়ে সাফের আঙিনায় ২০১৮ সালে সবশেষ ১-০ গোলের হারের মধুর প্রতিশোধও নিল পাকিস্তান। এই আসরে দুই দলের পরিসংখ্যানেও এলো সমতা। আট ম্যাচে তিনটি করে জয় দুই দলের, বাকি দুটি ম্যাচ ড্র।











