বলিউডের ‘বেবো’ অর্থাৎ কারিনা কাপুর খান সবসময় তার স্পষ্টবাদিতা এবং ছকভাঙা জীবনযাত্রার জন্য চর্চায় থাকেন। ৪৬ বছর বয়সে পা দিয়েও রুপালি পর্দায় নিজের রূপ ও অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন এই বলিউড কুইন।
তবে বয়স ধরে রাখতে অনেক তারকা যখন প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নেন, সেখানে একদম উল্টো পথে হাঁটার কথা জানিয়ে সোজা বার্তা দিলেন কারিনা।
সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে বোটক্স ও প্রসাধনী অস্ত্রোপচার প্রসঙ্গে মুখ খোলেন কারিনা। সোজাসাপ্টা ভাষায় তিনি বলেছেন, ‘আমি বোটক্স বা কসমেটিক সার্জারির চরম বিরুদ্ধে। নিজের সৌন্দর্য ধরে রাখতে আমি কৃত্রিম কোনো ইনজেকশনের সূঁচ বা ছুরিকাঁচির নিচে যাওয়ায় বিশ্বাস করি না। সুস্থ থাকা, প্রাকৃতিক থেরাপি নেওয়া এবং পরিবারকে সময় দেওয়া, এটাই আমার কাছে আসল আত্মসংরক্ষণ। পর্দায় আমার সবচেয়ে বড় অস্ত্র আমার অভিনয় ও মেধা, কোনো প্লাস্টিক সার্জারি নয়।’
আজকালের তরুণীদের মধ্যে বয়স লুকানো বা ১৮-২০ বছরের তরুণীর মতো দেখতে চাওয়ার যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কারিনা। নিজের বয়সকে গর্বের সঙ্গে গ্রহণ করে তিনি বলেন, ‘আমার জীবনের ৪০-এর কোঠাটা আমি সবচেয়ে বেশি উপভোগ করছি। এই বয়সে এসে আমি আগে কখনো এতটা আত্মবিশ্বাসী বোধ করিনি, এমনকি এত ভালো অভিনয়ও আগে করিনি।’
কাজের ক্ষেত্রে অতি সম্প্রতি মেঘনা গুলজারের ক্রাইম-ড্রামা ছবি ‘দাইরা’-তে দক্ষিণী তারকা পৃথিবীরাজ সুকুমারানের সঙ্গে প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তার চরিত্রে বাজিমাত করেছেন কারিনা।








