শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডি’তে নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। মোট ৪ হাজার ২৯ জন আবেদনকারীর মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বচ্ছতার সঙ্গে তাঁদের নির্বাচন করা হয়। তবে প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগির বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
গতকাল রোববার বিকেলে রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে মন্ত্রণালয়ের প্রতিনিধি, বোয়েসেলের কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য রয়েছে। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে। একই সঙ্গে প্রবাসীকল্যাণমন্ত্রীর ঘোষিত শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ রাশেদুল হক জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর ফ্লাইট শুরু হবে। এ ছাড়া বোয়েসেল ইতিমধ্যে মালয়েশিয়ার পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে। এসব কর্মীর চিকিৎসা পরীক্ষা, বিমানভাড়াসহ বিদেশ যাওয়ার সম্পূর্ণ ব্যয় নিয়োগকর্তা বহন করবেন। ফলে তাঁরাও কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে আরও ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহার।







