আমার বিরুদ্ধে মব তৈরি করা হচ্ছে : পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১২:৩৩ এএম
আমার বিরুদ্ধে মব তৈরি করা হচ্ছে : পরীমনি

চিত্রনায়িকা পরীমনি তার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ তুলেছেন। তুলেছেন হুমকি ও বয়কটের প্রচারণা চালানোর অভিযোগ। যেখানে তিনি যাবেন, সেখানে গিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এমনকি তার কাজ বাধাগ্রস্ত করতে ব্র্যান্ড মালিকদেরও হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন এ অভিনেত্রী।

সোমবার সন্ধ্যায় প্রকাশিত ভিডিওতে তিনি প্রশ্ন তুলেছেন, কাউকে ক্ষমা চাইতে বাধ্য করার নামে তার ওপর চাপ সৃষ্টি করা কতটা যৌক্তিক?

ভিডিও বার্তায় পরীমনি বলেন, ‘আপনি একজন মানুষকে স্যরি বলাবেন বা আপনি আশা করেন একজন মানুষ আপনাকে স্যরি বলবে তার ভুলের জন্য। কীভাবে স্যরি বলাবেন? কী বলবেন যে তুমি এই জিনিসগুলো করেছ, তোমার স্যরি বলা উচিত। কিন্তু আপনি কী করছেন? আপনি একটা মানুষের গলা টিপে ধরছেন, বলছেন, তোকে মেরে ফেলব, যতক্ষণ না তুই স্যরি বলবি, মরে যাবি। এভাবে কি আসলে স্যরি বলানো যায়? সম্ভব?’
আরও পড়ুন

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গালিগালাজের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘একটা শুয়োরের বাচ্চাকে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছি বলে, খুবই ভুল করে ফেলেছি, তোমাকে এ জন্য স্যরি বলতে হবে। তুমি একজন মানুষ, তোমাকে এখানে ধরুক, সেখানে ধরুক, যা-ই করুক, এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে স্যরি বলতে হবে।’

এরপর ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেছেন, ‘আপনারা কী করছেন? একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন। নেমে আন্দোলন শুরু করলেন। জামাই বন্দনা শুরু করলেন, কয়টা জামাই, বিয়ে... পতিতা, এগুলো যে করছেন দলবেঁধে। এই যে আমাকে অপদস্থ করলেন, তার জন্য কী স্যরি বলব? আপনাদের ভাষা, আপনারা যে আমাকে গালিটা দিলেন, এই রাইটস আপনাকে কে দিয়েছে? এটা কোথায় পেলেন?’

নিজের পেশাগত কাজ বাধাগ্রস্ত করার অভিযোগও তুলেছেন এ অভিনেত্রী। বললেন, ‘এই যে আপনারা আমার কাজগুলো নষ্ট করছেন, ব্র্যান্ড মালিকদের হুমকি দিচ্ছেন, আপনারা একটা মবের সৃষ্টি করছেন। বয়কট করা হবে পরীমনিকে। আপনারা যখন বয়কট বয়কট শুরু করছিলেন, ভাবছিলেন এই ২৪ ঘণ্টা বা এই ৪৮ ঘণ্টা বা ৭২ ঘণ্টার মধ্যে, দেখলেন ওটা কোনো কাজে দিচ্ছেন না। আপনাদের বয়কটে মাথা ঘামাচ্ছি না, বয়কট করলে এ জাতির যে কিছু হয় না, আপনারা বুঝে গেছেন। যখন বুঝে গেলেন, তখন সশরীরে গিয়ে পরীমনি যেখানে যাবেন, সেখানে গিয়ে অরাজকতা শুরু করবেন। কালকে এরকম একটা সিচুয়েশন ঘটালেন কীভাবে ভাই? কী ধরনের প্ল্যান আপনাদের মাথায় ঘোরে, কী ধরনের সন্ত্রাসী আপনারা চিন্তা করেন?’

সাংবাদিক পরিচয় ব্যবহার করে এমন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন পরীমনি। তিনি বলেন, ‘জার্নালিস্ট ট্যাগ লাগায়ে যা ইচ্ছা তা শুরু করলেন, তাহলে তো হলো না। যা ইচ্ছা তা-ই শুধু নয়, আপনারা রীতিমতো সন্ত্রাসীগিরি শুরু করলেন। এটা তো আসলে কোনো জার্নালিজমের কাজ না। এই ট্যাগ কেন শুধু শুধু ব্যবহার করছেন? আপনারা কি জার্নালিস্ট? বোঝেন জার্নালিস্ট কী জিনিস? একটা ফোন হাতে নিলাম, একটা পেজ খুললাম, জার্নালিস্ট হয়ে গেলাম? জার্নালিস্ট কী জিনিস বোঝেন? আর এসব করে আমাকে স্যরি বলাবেন?’

ভিডিও বার্তায় পরীমনি তার বিরুদ্ধে বয়কটের প্রচারণা, ব্যক্তিগত আক্রমণ, হুমকি এবং পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরেছেন। একই সঙ্গে তাকে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা না করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের আচরণ নিয়েও ভাবার আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী।

Link copied!