ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে ইলিয়াস ফকির নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ ঘটে।
নিহত ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশের সময় তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত ও সুস্থ রয়েছেন।
বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


