ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ১২:৫২ পিএম
ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য

ঢাকা টেস্টে জিততে হলে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৭০ রান। জিততে হলে বাংলাদেশকে তুলে নিতে হবে ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেট। হাতে আছে প্রায় দুই দিন। উইকেট না হারিয়ে ৮ রান করে চতুর্থ দিন লাঞ্চে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

চতুর্থ দিনের সকালে বাংলাদেশ অলআউট হয়েছে ১৪২ রানে। হাফসেঞ্চুরি করেছেন নাঈম হাসান। ৯১ বলে ৫২ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে নাঈম আউট হয়েছেন রোস্টন চেজের বলে উড়িয়ে মারতে গিয়ে, ধরা পড়েছেন লং অনে জশুয়া বিশপের হাতে ক্যাচ দিয়ে।

দিনের শুরুতেই জাকের আলি বিদায় নেন চেজের হাতে স্লিপে ক্যাচ দিয়ে। ওয়ারিকানের আগের বলটায় চার মেরে পরের বলে ব্যাট পেতে দিয়ে স্লিপে দিয়েছেন ক্যাচ। এরপর হাসান মাহমুদ ও নাঈম হাসান মিলে ২৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে খানিকটা স্বস্তি দেন।

তাইজুল ও শরিফুলের সঙ্গে ১৭ এবং ১৫ রানের দুটো কার্যকর জুটিও গড়েন নাঈম। তার হাফসেঞ্চুরির সঙ্গে বাকিদের ছোট ছোট অবদানেই বাংলাদেশের রানটা ১৪২ পর্যন্ত পৌঁছেছে। সঙ্গে প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের মোট লিড ১৬৯, জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে  দ্বিতীয় ইনিংসে করতে হবে ১৭০ রান। সামনে আছে শেষ দুই দিনের উইকেটে নাঈম-তাইজুল-মিরাজের স্পিনত্রয়ীকে সামলানোর চ্যালেঞ্জ।

রান তাড়া করতে নেমে লাঞ্চের আগে এক ওভার পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ওভারে এসেছে ৮ রান।

Link copied!