মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে পদ্মা-মেঘনা নদীতে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মধ্যরাত থেকে নতুন উদ্যমে মাছ ধরতে নদীতে নেমেছেন জেলেরা। একই সঙ্গে ২২ দিন পর সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাট। ইলিশের সরবরাহ শুরু হওয়ায় ব্যস্ততা বেড়েছে আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।
আজ শুক্রবার সকাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মাছ ধরার ট্রলারে করে ইলিশ আসতে শুরু করেছে বড়স্টেশন মাছঘাটে। ট্রলার ঘাটে ভিড়তেই মাছ নামানোর কাজে ব্যস্ত হয়ে পড়ছেন শ্রমিকেরা। ঝুড়িতে করে ট্রলার থেকে ইলিশ নামিয়ে আড়তের সামনে স্তূপ করে রাখা হচ্ছে। পরে আড়তদার ও ব্যবসায়ীরা হাঁকডাকের মাধ্যমে ক্রেতাদের কাছে মাছ বিক্রি করছেন।
ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানিয়েছেন, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনের বাজারে ইলিশের দাম আগের তুলনায় কিছুটা কম। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজির কম ওজনের ইলিশের দাম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। প্রথম দিনেই ঘাটে ইলিশের সরবরাহ আসায় তারা খুশি। প্রতিদিন এভাবে মাছের সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে আশা করছেন।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানিয়েছেন, ২২ দিন বন্ধ থাকার পর চাঁদপুর মাছঘাটে আবারও ইলিশ কেনাবেচা শুরু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা ট্রলারে প্রায় ১ হাজার মণ ইলিশের সরবরাহ পাওয়া গেছে। সামনের দিনগুলোতে সরবরাহ আরও বাড়তে পারে।
তারা আরও জানান, এবারের নিষেধাজ্ঞার সময় অভিযান কতটা সফল হয়েছে, তা প্রশাসনই ভালো বলতে পারবে। অভিযান তেমন সফল হয়নি। তারপরও আগামী দিনগুলোতে ইলিশের সরবরাহ বাড়বে।

























