মালয়েশিয়াগামীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০১:০৮ পিএম
মালয়েশিয়াগামীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে আগ্রহী সাধারণ কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত টাকা না দিতে কর্মীদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার বেশি কোনো অর্থ নেওয়া যাবে না। এ বিষয়ে কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে কিংবা হয়রানি, টালবাহানা বা অন্য কোনো ধরনের সমস্যা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

Link copied!