ভারতে নেটফ্লিক্সের অফিসে অভিনেত্রীর নামে একটি বৈঠক কক্ষ রয়েছে। এ নিয়ে গর্বিত তিনি। ৪১ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘একবার সেখানে গিয়ে দেখি, আমার নামে একটি কক্ষ রয়েছে। এজন্য বেশ ভালো লেগেছে। সেখানে বসে একটি বিষয়ে আলোচনাও করেছি।’
নেটফ্লিক্সের একাধিক আলোচিত কাজে দেখা গেছে তাকে। এ তালিকায় রয়েছে ‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ’, ‘রাত আকেলি হ্যায়’, ‘মনিকা ও মাই ডার্লিং’। গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেল তার নতুন সিরিজ ‘আক্কা’। রাধিকা বললেন, ‘এটা যেন ঘরে ফেরার মতো! একসময় অনেকে আমাকে জিজ্ঞেস করতেন, নেটফ্লিক্সে আমার কোনো শেয়ার আছে কি না! আমি বলতাম, অবশ্যই নেই। কিন্তু তারা বিশ্বাসই করতেন না।’
ধর্মরাজ শেঠি পরিচালিত ‘আক্কা’য় ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। তার নাম রুদ্র। সে এমন এক বহিরাগত, যে পেরনুরু শহরের দীর্ঘদিনের ক্ষমতাকাঠামোকে চ্যালেঞ্জ জানায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শহর নারীদের হাতে পরিচালিত হয়ে আসছে।
রাধিকা বলেছেন, ‘রুদ্র এমন একটি চরিত্র, যা আগে কখনো অভিনয় করিনি। বাইরে থেকে তাকে বেশ নাটকীয় ও স্টাইলিশ মনে হয়। কিন্তু তার ভেতরে রয়েছে নানা জটিলতা।’
গল্পে রুদ্রের উচ্চাকাঙ্ক্ষা তাকে শহরের প্রচলিত ক্ষমতাকাঠামোর মুখোমুখি দাঁড় করায়। একপর্যায়ে তার সঙ্গে সংঘাত তৈরি হয় কীর্তি সুরেশ অভিনীত ভবানীর। সিরিজে ভবানী ও রুদ্রের ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি গল্পের গুরুত্বপূর্ণ অংশ। তবে রাধিকার মতে, রুদ্র শুধু ক্ষমতা দখলের লড়াইয়ে নামা কোনো চরিত্র নয়। নিজের শর্তে বাঁচতে চায় সে, প্রচলিত নিয়ম মেনে চলতেও রাজি নয়।
রাধিকা জানিয়েছেন, কোনো সিনেমা বা সিরিজ প্রেক্ষাগৃহ নাকি ওটিটিতে মুক্তি পাচ্ছে, সেসব ভেবে তিনি কাজ করেন না। দর্শকের কাছে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।





















