এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ১১:৫১ এএম
এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের

এশিয়ান গেমসের ক্রিকেটে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি ও মাঠের বৈরী পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া এই ম্যাচে ওভার কমিয়ে ১৩ নির্ধারণ করা হয়।

প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের পরও তাওহীদ হৃদয়ের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তবে সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভার ৩ বলেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সাহিবজাদা ফারহানের নেতৃত্বাধীন পাকিস্তান দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ১৭ রানের মাথায় ওপেনার তানজিদ হাসানের বিদায়ের মাধ্যমে প্রথম উইকেট হারায় টাইগাররা। আরাফাত মিনহাসের বলে শাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৭ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর উইকেটে এসে থিতু হতে পারেননি অধিনায়ক লিটন দাসও। তিনি মাত্র ২ রান করে সাইম আইয়ুবের বলে সরাসরি বোল্ড হয়ে যান।

টপ অর্ডারের আরেক ব্যাটার পারভেজ হোসেন ইমনও চরম ব্যর্থতার পরিচয় দেন। মিনহাসের একটি ফ্লাইটেড ডেলিভারিতে ডিপ স্কয়ার লেগে সীমানার কাছে মোহাম্মদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রানে আউট হন তিনি।

অন্যদিকে ওপেনার সাইফ হাসান ভালো শুরুর ইঙ্গিত দিলেও নিজের ইনিংসকে বেশি দূর টেনে নিতে পারেননি। ব্যক্তিগত ১৯ রানে সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ফলে দলীয় ৫০ রান পেরোনোর আগেই প্রথম সারির ৪ ব্যাটারকে হারিয়ে চরম চাপে পড়ে যায় বাংলাদেশ।

টপ অর্ডারের এই অসহায় আত্মসমর্পণের পর পঞ্চম উইকেটে দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। মূলত এই দুজনের দায়িত্বশীল জুটিতেই লড়াই করার মতো পুঁজি পেয়ে যায় বাংলাদেশ। বিশেষ করে তাওহীদ হৃদয় মাত্র ২৫ বলে ৪২ রানের এক দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলেন। সুফিয়ান মুকিমের বলে লেগ সাইডে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে সাইম আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে তিনি বিদায় নিলে এই জুটির অবসান ঘটে।

এরপর মোসাদ্দেকও মুকিমের বলে কাভারে শাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দিয়ে ১১ রানে সাজঘরে ফেরেন। ফলে ৯৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ দল। শেষদিকে শেখ মেহেদী ও রিশাদ হোসেনের ব্যাটে ভর করে দ্রুত কিছু রান তুলে বাংলাদেশ ১১১ রানের সম্মানজনক স্কোরে পৌঁছায়। ইনিংসের একেবারে শেষ বলে রান আউটের শিকার হন শেখ মেহেদী।

১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি ব্যাটাররা খুব একটা বেগ পাননি। বাংলাদেশি বোলারদের আক্রমণ সামলে ৯ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে অনায়াসে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান এবং নিশ্চিত করে প্রতিযোগিতার ফাইনাল।
 

Link copied!