রেকর্ড গড়া জয় ভারতেরও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:১৬ পিএম
রেকর্ড গড়া জয় ভারতেরও

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৪০৫/৭। ভারত: ৪৩.৩ ওভারে ৪০৬/২। ফল: ভারত ৮ উইকেটে জয়ী।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন তিনিই। এরপর ক্যারিবীয়রা যখন নিজেদের ইতিহাস–সর্বোচ্চ ৪০৫ রান তুলে ফেলল, তখন কি কিছুটা হলেও অস্বস্তিতে ভুগেছেন শুবমান গিল?

যদি ভুগেও থাকেন, তবে তা সাময়িকই। পরে ভারতের জন্য রান তাড়ার কাজটা ‘হাতের মোয়া’ও করে তুলেছেন ভারত অধিনায়কই। আর সেটি একাধিক বিশ্ব রেকর্ড গড়ে।

গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ায় গিল একাই করেছেন ২২৩* রান।

ভারতীয় অধিনায়ক ২০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ১১৭ বলে। দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড এটি। পেছনে ফেলেছেন ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ঈশান কিষাণের ১২৬ বলে ডাবল সেঞ্চুরির কীর্তি।

দ্রুততম ডাবল সেঞ্চুরির দিনে আরও কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন গিল। ২২৩ রানের অপরাজিত ইনিংসটি ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ। ভেঙেছেন ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের রেকর্ড। এমনকি লিস্ট ‘এ’ ক্রিকেটেও এটি সর্বোচ্চ।

রেকর্ডটা এত দিন ছিল সৌম্য সরকারের, ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে ২০৮ রান করেছিলেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান।

এ ছাড়া ওয়ানডেতে একাধিক ডাবল সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ব্যাটসম্যানও হয়েছেন গিল। অপরজন রোহিত শর্মা (৩টি)।

এই রোহিতকে নিয়েই আজ ক্যারিবীয়দের বিপক্ষে রান তাড়ায় নামেন গিল। উদ্বোধনী জুটিতে এ দুজনই ২৬.২ ওভারে ২৫৫ রান তুলে ফেলেন। রোহিত ৭৫ বলে ১০১ রান করে ফিরে যাওয়ার পর ভারতকে বাকি পথটা একাই টেনে নেন গিল।

৬২ বলে সেঞ্চুরি করা গিল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৬ চার ও ৮ ছক্কা মেরে। খেলেন মোট ১৩৩ বল।

ভারত ম্যাচ জিতে যায় ৩৯ বল হাতে রেখেই। ওয়ানডেতে চার শর বেশি রান তাড়ায় মাত্র দ্বিতীয় জয় এটি। প্রথমটি ইতিহাসেরই প্রথম চার শ রানের ম্যাচের—২০০৬ সালে অস্ট্রেলিয়ায় ৪৩৪ তাড়া করে দক্ষিণ আফ্রিকার।

গুয়াহাটিতে আজ অষ্টম দল হিসেবে চার শ রানের মাইলফলক স্পর্শ করে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করেন জন ক্যাম্পবেল (৬৮ বলে ১০১), শাই হোপ (৯৪ বলে ১০৪) ও আমির জঙ্গু (৭৭ বলে ১১৪)।

পরে ভারতের হয়ে গিল ও রোহিত সেঞ্চুরি করায় রেকর্ড বইয়ে ঢুকে গেছে আজকের ম্যাচটি। একটি ওয়ানডেতে পাঁচ ব্যাটসম্যানের সেঞ্চুরির ঘটনা এই প্রথম।

Link copied!