২০২৬ ফিফা বিশ্বকাপের পর নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপের পর এই প্রথম কোনো ম্যাচে মাঠে নামার আগে দলের একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা পেছনে ফেলে নতুন মিশনে নামছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে দুই তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসের একসঙ্গে আক্রমণভাগে শুরু করা। সাধারণত স্কালোনির একাদশে এই দুজন একসঙ্গে খুব কমই শুরুর একাদশে সুযোগ পেয়েছেন, তবে বলিভিয়ার বিপক্ষে তাদের একসঙ্গে দেখার জোরালো সম্ভাবনা রয়েছে।
ম্যাচের আগে স্কালোনি চূড়ান্ত কোনো একাদশ ঘোষণা না করলেও অনুশীলনের ট্যাকটিক্যাল মহড়ায় বেশ কিছু নতুন মুখের আভাস মিলেছে। মিডফিল্ড ও আক্রমণভাগে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়ার কথা ভাবছেন কোচ। বিশেষ করে, তরুণ মিডফিল্ডার নিকোলাস পাজ এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনোর লড়াইয়ে নিকোলাস পাজের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি।
এছাড়া লেফট-ব্যাক পজিশনের জন্য লড়াই করছেন ফাকুন্দো মেদিনা ও রোমান ভেগা। মাঝমাঠে এক্সেকিয়েল পালাসিওস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দায়িত্ব সামলানোর পাশাপাশি ভ্যালেন্টিন বারকো ও মাতিয়াস সুলের মধ্যেও একাদশে জায়গা পাওয়ার লড়াই চলছে। বিশ্বকাপের পর নতুন যাত্রায় তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে গড়া এই দল কেমন পারফর্ম করে, এখন সেটাই দেখার অপেক্ষা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেস; অগাস্টিন জিয়াই, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা (অথবা রোমান ভেগা); নিকোলাস পাজ, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, মাতিয়াস সুলে (অথবা ভ্যালেন্টিন বারকো); হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্তিনেস।
কোচ: লিওনেল স্কালোনি।





























