লিওনেল মেসির শেষ ম্যাচ বলে কথা। ভক্ত-সমর্থকদের আগ্রহ তাই একটু বেশি। শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে বিশ্বজয়ী ফুটবলারকে দেখতে উন্মুখ হয়ে আছেন ফুটবলপ্রেমীরা। টিকিট বিক্রি শুরু হতে না হতেই সার্ভার ক্র্যাশ করেছে। এমনকি আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনা-বেনিন ম্যাচের টিকিটগুলো দ্রুত বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।
আর্জেন্টিনার স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে আর্জেন্টিনা-বেনিন ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম। মনুমেন্তালে প্রিয় ফুটবলার মেসির শেষ ম্যাচ মাঠে বসে দেখবেন বলে ভক্ত-সমর্থকেরা হুমড়ি খেয়ে পড়েছেন সার্ভারে। টিকিট বিক্রির দিপোর্তিক সার্ভার মুহূর্তেই ক্র্যাশ করেছে বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে জানা গেছে। মাত্র ৯০ মিনিটে মেসির বিদায়ী ম্যাচের টিকিটগুলো বিক্রি হয়ে গেছে।
স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টায় দিপোর্তিক ওয়েবসাইটে হাজার হাজার সমর্থক ভার্চুয়াল কিউতে অপেক্ষা করতে থাকেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, মাত্র দেড় ঘণ্টার মধ্যে সার্ভারে থাকা টিকিটগুলো কার্যত শেষ হয়ে যায়। ওলে সংবাদমাধ্যমও জানিয়েছে, ৯০ মিনিটেই টিকিট শেষ। দেশটির আরেক সংবাদমাধ্যম লা নেসিওন জানিয়েছে, মেসির বিদায়ী ম্যাচের টিকিট কিনতে আগ্রহী কয়েকজন সমর্থককে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। তাতে অনেকে সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন।
মনুমেন্তাল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৮৪ হাজারের বেশি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তথ্য অনুযায়ী, মেসির বিদায়ী ম্যাচের সবচেয়ে কম দামি গ্যালারির টিকিটের দাম ২৯ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩৫ লাখ ৬১ হাজার টাকা। এটাই সর্বনিম্ন। তিন থেকে ১০ বছর বয়সী শিশুরা এই দামে খেলা দেখতে পারবে। অন্য সব টিকিটের দাম কোটি টাকার বেশি। সর্বোচ্চ টিকিটের দাম ৪ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৫ কোটি ৮৯ লাখ টাকা। প্রায় ছয় কোটি টাকা খরচ করে মনুমেন্তালের সান মার্তিনো ও বেলগ্রানোর মিডল স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।
এবারের ১৬ দিনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিন ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ। লিওনেল স্কালোনির দলের পরের দুই ম্যাচের ভেন্যু মনুমেন্তাল স্টেডিয়াম। আগামী ২ ও ৬ অক্টোবর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো ও বেনিন। মেসি শুধু ৬ অক্টোবর খেলবেন।
ডায়েরির তিনটি ছেঁড়া পাতা, একটি সোনালি কলম—গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এমন একটি ছবিসহ আবেগঘন পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। পুরো বিশ্বে যেন তখন ভূকম্পন অনুভূত হয়। গত ২১ বছরে আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২১ কোপা আমেরিকা, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার জার্সিতে এই চার শিরোপা জিতেছেন মেসি। অবসরের ঘোষণা দেওয়ার ৩৬ দিন পর আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেলতে নামছেন আর্জেন্টাইন তারকা।




































