ক্লাবের হয়ে আছে দুর্দান্ত ফর্মে। সেই ফর্মটা নিয়ে ধরে রাখলেন জাতীয় দলেও। উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে আরলিং হলান্ডের জোড়া গোলেই ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারাল নরওয়ে।
ঘরের মাঠে নাটকীয় এক ম্যাচে শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েও ড্রয়ের শঙ্কায় পড়েছিল নরওয়ে। শেষ পর্যন্ত হলান্ডের গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
‘এ’ লিগের চার নম্বর গ্রুপের এই ম্যাচে ১৪ মিনিটে অস্কার ববের গোলে এগিয়ে যায় নরওয়ে। চার মিনিট ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। সতীর্থের থ্রু পাস ডি-বক্সে পেয়ে কঠিন কোণ থেকে প্রথম ছোঁয়ায় জোরাল এক শটে গোলটি করেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার সাত মিনিটের মধ্যে ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ায় ডেনমার্ক। অসাধারণ এক ফ্রি কিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে গোলটি করেন মিগেল দামসগোর। ৬০তম মিনিটে আরেকটি গোল করে সমতা টানেন রাসমুস হয়লুন।
নরওয়েকে জয় এনে দিয়ছেন সেই হলান্ডই। ৭৪তম মিনিটে আরেকবার সতীর্থের পাস ডি-বক্সে দারুণ পজিশনে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে ব্যবধান গড়ে দেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে এই তারকার মোট গোল হলো ৫৬ ম্যাচে ৬৪টি।




























