শাহিন-ঝড়ে কাঁপল ভারত, পাকিস্তানের লক্ষ্য ১৫২


ফারজানা ববি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৯:৫৯ পিএম
শাহিন-ঝড়ে কাঁপল ভারত, পাকিস্তানের লক্ষ্য ১৫২

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।  টসে জিতে পাকিস্তান ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৫১ রান। 

টুর্নামেন্টের ফেভারিট দল হলেও শাহিন আফ্রিদিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে ভারত। শেষ পর্যন্ত হাল ধরেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

ইনিংসের শুরুতেই প্রথম ওভারে দারুণ ফর্মে থাকা রোহিত শর্মাকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। দলীয় ৬ রানে তৃতীয় ওভারে কে এল রাহুলের উইকেটও তুলে নেন শাহীন।

দলের ৩৩ রানে সূর্যকুমার যাদবের উইকেটের মাধ্যমে ভারতের তৃতীয় উইকেটের পতন ঘটে। ঋষভ পন্তের উইকেটের পতন ঘটে দলের ৮৪ রানে। ঋষভ ৩৯ রানের দারুণ ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নেওয়ার চেষ্টা চালিয়েছেন।

রবীন্দ্র জাদেজা (১৩) সাজঘরে ফেরত যান দলীয় ১২৫ রানে। দলের ৬ নম্বর উইকেটের পতন ঘটে অধিনায়ক বিরাট কোহলির মাধ্যমে। উইকেটের একপ্রান্ত আগলে রেখেছিলেন তিনি। যোগ করেছেন দলের পক্ষে সর্বোচ্চ মূল্যবান ৫৭ রান।

দলীয় ১৪৬ রানে হার্দিক পান্ডিয়া ১১ রান করে আউট হন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৫১ রান।

শাহিন শাহ আফ্রিদি তিনটি, হাসান আলী দুটি, শাদাব খান ও হারিস রউফ একটি করে উইকেট লাভ করেন। ১৫২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।

Link copied!