জিম্বাবুয়ে সফরের আগে নিয়োগ পাওয়া বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ বেড়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
জিম্বাবুয়ে সফরের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন বিভাগেই ব্যাটসম্যানরা ভালো করেছে। ব্যাটসম্যানদের সাথে কাজ করে প্রিন্সও সন্তুষ্টি প্রকাশ করেছে। ফলে ধারাবাহিক পারফরম্যান্সের আশায় প্রিন্সের মেয়াদ বাড়াচ্ছে বিসিবি।
আগামী ২৯ জুলাই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিশ্বকাপের আগে টাইগাররা দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৪৪ বছর বয়সী এই কোচ ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্য টেস্টে সমান ১১টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি এবং ওয়ানডেতে ৩টি হাফ সেঞ্চুরি আছে তার। লেভেল ‘৩’ ডিগ্রিধারী এই কোচের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকেও কোচিং করিয়েছেন।







































