আওয়ামী লীগ ও ছাত্রলীগের তালাবদ্ধ কার্যালয়গুলো সারাদেশে একে একে খুলে যাওয়ার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুকে এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে সরাসরি ট্যাগ করে একটি ছোট কিন্তু তীক্ষ্ণ পোস্ট দেন তিনি।
পোস্টে নাসীরুদ্দীন লেখেন — 'হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।'
মুহূর্তেই ভাইরাল
পোস্টটি প্রকাশের মাত্র চার ঘণ্টার মধ্যে প্রায় দেড় লাখ লাইক পড়েছে এবং সাড়ে সাত হাজারের বেশি মন্তব্য জমা হয়েছে। মন্তব্যের ঘরে নাসীরুদ্দীন নিজেও লেখেন — '২৪-এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমানের খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়বো।'
পোস্টটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিষিদ্ধ ঘোষিত দলের কার্যালয় পুনরায় সচল হওয়া নিয়ে জনমনে যে উদ্বেগ ছিল, নাসীরুদ্দীনের এই পোস্ট যেন সেই প্রশ্নকেই সামনে নিয়ে এসেছে।








































