ইরান যুদ্ধ নিয়ে অবস্থান বদল, ভ্যান্সকে দিলেন নতুন দায়িত্ব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ১১:৫৮ এএম
ইরান যুদ্ধ নিয়ে অবস্থান বদল, ভ্যান্সকে দিলেন নতুন দায়িত্ব

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আর কোনো সমঝোতার চেষ্টা করছে না যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগে নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে অভ্যন্তরীণ রাজনীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে, বিশেষ করে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ব্যাপক দুর্নীতি ও অপরাধ হচ্ছে। এসব বিষয়ে ভ্যান্সকে তার ‘সম্পূর্ণ ও সর্বাত্মক মনোযোগ’ দিতে হবে।

সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে ইরান ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলছিলেন ভ্যান্স। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। জবাবে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায়।

ট্রাম্পের বৃহস্পতিবারের বক্তব্যে ইরানের সঙ্গে আলোচনার উদ্যোগ থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া গেছে। ভ্যান্সকে অভ্যন্তরীণ রাজনীতিতে মনোযোগ দিতে বলার পাশাপাশি ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতার প্রয়োজনীয়তাও নাকচ করেছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। আমরা তাদের অর্থ পেয়েছি, শত শত বিলিয়ন ডলার, আর পেয়েছি তাদের প্রণালিও!’


ট্রাম্পের এ বক্তব্যে ইরানের সঙ্গে চলমান অচলাবস্থাকে কার্যত স্বাভাবিক পরিস্থিতি হিসেবে মেনে নেওয়ার ইঙ্গিত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ বজায় রেখেছে। অন্যদিকে অপরিশোধিত তেলবাহী জাহাজসহ সামুদ্রিক যান চলাচলের জন্য হরমুজ প্রণালি বেশির ভাগ ক্ষেত্রে আবার খুলে দেওয়া হয়েছে।

তবে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের কোনো হামলা চালায়নি। একইভাবে ইরানও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় কোনো হামলা চালায়নি।

গত সপ্তাহে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের কাছ থেকে নিজেদের সুরক্ষায় ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মিত্ররা ভালো অবস্থানে রয়েছে। তাই সংঘাত আরও বাড়ানোর প্রয়োজন নেই।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নেওয়া খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে আমরা প্রস্তুত রয়েছি, যেকোনো পরিস্থিতিতে ব্যবস্থা নিতে প্রস্তুত।’

ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় দেশগুলোর নেতারা তাকে যুদ্ধ পুনরায় শুরু না করার অনুরোধ করেছেন।

দ্য গার্ডিয়ান
 

Link copied!