আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণার পর থেকেই ঘরমুখী মানুষের চাপ বেড়ে গেছে শিল্পাঞ্চল গাজীপুর এলাকায়। এর ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যাত্রী চাপ ও যানবাহনের ধীরগতির কারণে উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে ভোগান্তিতে পড়ছেন।
সোমবার বিকেল থেকে সাভার-আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও শ্রীপুর অংশে যানজট দেখা দেয়। মঙ্গলবার সকালেও হেমায়েতপুর, আশুলিয়া, নবীনগর, বাইপাইল, টঙ্গী ও শ্রীপুরের বিভিন্ন বাসস্ট্যান্ডে দীর্ঘ যাত্রী সারি লক্ষ্য করা গেছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেও বাড়ির পথে ফিরতে তাদের আগ্রহ কমেনি।
যাত্রীরা অভিযোগ করেছেন, অতিরিক্ত চাপের সুযোগে কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে। তবুও ভোটের আগে স্বজনদের কাছে ফিরতে গিয়ে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন তারা।
একসঙ্গে বিপুল শ্রমিক বাড়ি ফেরায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে বাইপাইল–চন্দ্রা, টঙ্গী স্টেশন রোড এবং শ্রীপুর সংযোগ সড়কে দীর্ঘসময় গাড়ি আটকে থাকে। এতে সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও পণ্যবাহী গাড়ির চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।
যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে, যারা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ছুটির শেষদিকে সমন্বিত উদ্যোগ না নিলে যানজট আরও বেড়ে যেতে পারে।






























