বগুড়ায় কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৭:৫৭ পিএম
বগুড়ায় কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার

বগুড়ায় বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৬ বছর বয়সী আলিফ নামে এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিফ বগুড়া পৌরসভার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার মো. রিপন শাহ’র ছেলে। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে সে বাবার সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজে কাজ করছিল।

স্থানীয়রা জানান, রিপন সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজের ভেতরে আলিফের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আলিফের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Link copied!