আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি ও আইনশৃঙ্খলা মির্জা ফখরুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৭:৪৭ পিএম
আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি ও আইনশৃঙ্খলা মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা। একই সঙ্গে দুর্নীতি দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাও সরকারের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব মন্তব্য করেন।

তিনি বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থনীতিকে গতিশীল করা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা এবং দুর্নীতি কঠোরভাবে দমন করা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন শত-সহস্র মানুষের ত্যাগের বিনিময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর একটি চমৎকার, উৎসবমুখর এবং স্বচ্ছ নির্বাচন হয়েছে বলে আমি মনে করি। ব্যক্তিগতভাবে আমি মুগ্ধ।

তবে আনন্দের সঙ্গে বিষাদের কথাও তুলে ধরেন তিনি। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বিজয় দেখে যেতে পারলেন না এটাই তাঁর কাছে সবচেয়ে বেদনাদায়ক বলে জানান তিনি।

গণতন্ত্রের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের এই ধারা যদি বজায় থাকে, তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব।

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং দলটির ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।

Link copied!