নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, দুই দিন আগে নাশকতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:১৭ পিএম
নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, দুই দিন আগে নাশকতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্র জানায়, রাত ২টা থেকে আড়াইটার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি কক্ষের জানালার গ্রিল দিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। ভবনটির চারটি বুথ তৈরির কথা ছিল। আগুন দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণ করেন।

অগ্নিকাণ্ডে কক্ষের দুটি বেঞ্চ, একটি ফ্যান, লাইটসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

ঘটনার খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে আলামত সংগ্রহ করেন।

পুলিশের প্রাথমিক ধারণা—আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে।

ঘটনার পর নূরপুর সিধরপুর ভোটকেন্দ্রসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচন বিঘ্নিত করতে যারা এসব নাশকতা চালাচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Link copied!