নির্বাচন ঘিরে বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা, শান্তিপূর্ণ ভোট নিশ্চিতই লক্ষ্য: আইজিপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:৫৩ পিএম
নির্বাচন ঘিরে বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা, শান্তিপূর্ণ ভোট নিশ্চিতই লক্ষ্য: আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। নির্বাচনে দায়িত্ব পালন করবেন সর্বমোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য—এ তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার ঢাকার ডিএমপি সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, পূর্ববর্তী অভিজ্ঞতা, সংশ্লিষ্ট অংশীজনের মতামত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এবারের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। লক্ষ্য—শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা।

তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

আইজিপি জানান, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে—
১. স্ট্যাটিক ফোর্স: দেশের ৮৩ হাজার ৭৮৯টি ভোটকেন্দ্রেই পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
২. মোবাইল টিম: প্রতিটি এলাকায় নিয়মিত টহলে থাকবে এসব দল।
৩. স্ট্রাইকিং ফোর্স: জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ স্থানে প্রস্তুত থাকবে।

নজরদারিতে উন্নত প্রযুক্তি

নির্বাচন কমিশনের উদ্যোগে ৮০–৯০% কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ ব্যবহার করবে বডি ক্যামেরা।

জেলার পুলিশ সুপাররা প্রয়োজন অনুযায়ী ড্রোন ক্যামেরা ব্যবহার করবেন।

অন্যান্য বাহিনীর অংশগ্রহণ

নিরাপত্তায় পুলিশ ছাড়াও কাজ করছে সশস্ত্র বাহিনী, বিজিবি ও আনসার বাহিনী। আইজিপি জানান, সবচেয়ে বড় বাহিনী হিসেবে প্রায় ৬ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

Link copied!