প্রার্থিতা ফিরে পেয়ে শাহজাহান ওমর বললেন, নির্বাচন সুষ্ঠু হবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০১:৫৬ পিএম
প্রার্থিতা ফিরে পেয়ে শাহজাহান ওমর বললেন,  নির্বাচন সুষ্ঠু  হবে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়ে ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, “হাবিবুল আউয়াল আমার জানাশোনা মানুষ। এই সিইসির অধীনে নির্বাচন সুষ্ঠু  হবে বলে আমি আশা করি।”

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। 

নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রেখেছে।

এর আগে, ৯ ডিসেম্বর শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেন তিনি। এই আপিলের বিষয়ে শুক্রবার এই সিদ্ধান্ত নিল ইসি।

শাহজাহান ওমর বলেন, “মিথ্যা হলফনামা দেওয়ার অভ্যাস আমার নেই। তারা বলেছেন, সেটা মিথ্যা কথা। আমি ন্যায়বিচার পেয়েছি।”

তিনি বলেন, “ছোটবেলা থেকে নির্বাচন করে আসছি, ইনশা আল্লাহ আবার নির্বাচন করব। হাবিবুল আউয়াল আমার জানাশোনা। এই সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা করি।”

আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, “নির্বাচন প্রতিহত করতে যদি কেউ জোর জবরদস্তি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা সেটি দেখবে। কেউ যদি গায়ের জোর দেখায়, বল প্রয়োগ করে, সেটা নিয়ে আমার কোনো শঙ্কা নেই। এটা প্রশাসনের বিষয়।”

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনে আচরণবিধির ভেতরে যতটুকু সম্ভব আমরা করব। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে, সেটি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।”

ডামি প্রার্থীরা ভয়ে আছে, এমন নানা অভিযোগ গণমাধ্যমে আসছে—এমন প্রশ্নে শাহজাহান ওমর বলেন, এটা হতেই পারে না। কেন নির্বাচন করতে পারবে না। আমি তাদের স্যালুট করি। যেকোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক। আগে আমার প্রতীক ধানের শীষ ছিল, এবার নৌকা নিয়ে নির্বাচন করব।

শুক্রবার দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি ষষ্ঠ দিনের মতো শুরু চলছে। আপিল শুনানির আজই শেষ দিন।

Link copied!