জাপানের নারিতা থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটিতে আটকে পড়ার প্রায় পাঁচ ঘণ্টা পর যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭।
বৃহস্পতিবার স্থানীয় সময় ১০টা ৫০ মিনিটের দিকে ফ্লাই করে বিজি ৩৭৭। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বহরে থাকা এক সফরসঙ্গী।
এর আগে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় বিমানের যান্ত্রিক ত্রুটি সারতে সক্ষম হন প্রকৌশলীরা। ত্রুটি ছিল মূলত সফটওয়্যার সিস্টেমে, এমনটি জানিয়েছিলেন তারা।
এরপর ‘ত্রুটি সারিয়ে ‘সার্ভিসেবল’ হয়েছে বিমান। কিছু সময়ের মধ্যে ফের বোডিং শুরু হবে’ যাত্রীদের উদ্দেশে জানানো হয় বিমানবন্দর কাউন্টার থেকে।
তার আগে বিমানটি যান্ত্রিক ক্রটিতে পড়লে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে পড়েন। সঙ্গে অন্য যাত্রীরও। প্রায় চার ঘণ্টার মতো বিমানবন্দরের লাউঞ্জেই অবস্থান করছিলেন তারা।
ওই সময় বিমানের পাইলট ক্যাপ্টেন ইমামুল জানিয়েছিলেন, প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় বিলম্বের কথা জানান এবং দুঃখ প্রকাশ করেন। পরে বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সফরের শেষভাগে টোকিওতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।














