দেশের সিটি করপোরেশন এলাকায় তিন চাকার ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার।
নতুন বিধিমালা অনুযায়ী, প্রতিটি ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা ও চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর। তবে নিবন্ধন নবায়ন করতে হবে প্রতিবছর।
নতুন বিধিমালাতে ব্যাটাারিচালিত রিকশার সংখ্যা নির্ধারণ, নিবন্ধন, চলাচলের রুট, গতিসীমা, পার্কিং ও চার্জিং ব্যবস্থা এবং নিরাপত্তার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন বিধিমালা কার্যকরের সঙ্গে সঙ্গে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর জারি করা ই-রিকশা চলাচল বিধিমালা রহিত করা হয়েছে।
বিধিমালা অনুযায়ী, প্রতিটি সিটি করপোরেশন সরকারের পূর্বানুমোদন নিয়ে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের সঙ্গে পরামর্শ করে নিজ এলাকায় ই-রিকশার সংখ্যা নির্ধারণ করবে। প্রয়োজনে এলাকাভিত্তিক বা জোনভিত্তিকভাবে এই সংখ্যা নির্ধারণ করা যাবে।
ই-রিকশার নিবন্ধন পেতে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে বিধিমালার ৪ নম্বর বিধিতে বয়সের শর্তে বলা হয়েছে, আবেদনকারীকে ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, দুই কপি ছবি, ফি জমার রসিদ ও নির্ধারিত ফিটনেস সনদ জমা দিতে হবে। আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষ নিবন্ধন দেবে। আবেদন নাকচ হলে সাত কার্যদিবসের মধ্যে কারণ লিখিতভাবে জানাতে হবে।














