মাত্র ১৭ বছর বয়সে যুক্তরাজ্যের লন্ডন থেকে একা পাড়ি দিয়েছিলেন ভারতের মুম্বাইয়ে। শাহরুখ-সালমান-আমিরের দুনিয়ায় তিনি হতে চেয়েছিলেন একজন শ্রীদেবী-রেখা-মাধুরী। যখন তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তিনি নিজের সব অর্থ, সময়, শ্রম আর প্রচেষ্টা দিয়ে মোট ৭টি কোর্স করেছেন। যখন বলা হয়েছে, তাঁর নাচ ‘রোবোটিক’, তিনি একটি এসি ছাড়া ১০ ফুট বা ১০ ফুট ঘরে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত নাচ শিখেছেন কত্থক গুরু ভীরু কৃষ্ণানের কাছে, টানা দুই বছর। হিন্দি উচ্চারণ শিখেছেন শিক্ষক রেখে। আর ২৬ বছর পর বলিউডের ইতিহাসের সেরা সব আইটেম সং করে, বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করে, সম্মানের সঙ্গে হাই-প্রোফাইল সব সম্পর্ক থেকে বের হয়ে, সংসারে থিতু হন। এরপর মা হয়েছেন, সফলভাবে ব্যবসা পরিচালনা করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আরেকজন আইকন হিসেবে। তিনি ক্যাটরিনা কাইফ!
৮ বছর পর ২৮ অক্টোবর ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে ফিরলেন ক্যাটরিনা কাইফ। বিশ্বখ্যাত জনপ্রিয় এই ফ্যাশন ম্যাগাজিনটির নভেম্বর-ডিসেম্বর ২০২৬ সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে মাতৃত্ব, শরীর নিয়ে সামাজিক প্রত্যাশা, নিজের প্রসাধনীর ব্যবসা এবং অভিনয়জীবন নিয়ে কথা বলেছেন তিনি। স্পষ্ট করে জানিয়েছেন, সন্তান জন্মের পর আগের শারীরিক গড়নে ফিরে যাওয়ার জন্য তিনি তাড়াহুড়া করতে চান না।
২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সঙ্গে প্রথম সন্তান ভিহানের মা হন ক্যাটরিনা। চলতি বছরের সেপ্টেম্বরে আম্বানিদের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাঁর শারীরিক গড়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা, সমালোচনা শুরু হয়।
সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক হলেও অনেকে তাঁকে নিয়ে বিদ্রূপ করেন। কেউ কেউ তো আবার আরও এককাঠি সরেস! মাতৃত্বজনিত ওজন বৃদ্ধিকে ‘সংসারে সুখে না থাকলে এমন হয়’ বলে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গেও তুলনা করেছেন। অনেকে এমন অদ্ভুত কথা বলতেও ছাড়েননি যে নিজের চেয়ে বয়সে ছোট পুরুষকে বিয়ে করলে নাকি সংসার সুখের হয় না।
এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘আমি ওসব মন্তব্যের দিকে তাকাতে চাই না। আসলে সময়ও নেই। সন্তান জন্মের পর একজন নারীর শরীরে কী ধরনের পরিবর্তন আসে, তা অধিকাংশ মানুষেরই জানা। তারপরও কেউ যদি সেই শরীরকে কঠোর দৃষ্টিতে বিচার করেন, সেটি তাঁর ব্যক্তিগত পছন্দ। যার যা বলার বলবে। মানুষ নানা ধরনের মতামতের ঝড়ে ভেসে যায়। আমি কেবল জীবনের সুন্দর সময়টিতে মনোযোগ দিতে চাই।’






















