সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়ানোর পর আলোচনার মধ্যে প্রত্যাহার হওয়া ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলায় বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক জানিয়েছেন।
গণমাধ্যমকে তিনি বলেন,গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালতেও পাঠানো হয়েছে।
এদিন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগের’কথা লেখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনও করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর আলোচনার মধ্যে ওসি রাকিবুল হাসানকে গত ১৭ সেপ্টেম্বর প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে তদন্তও শুরু করে পুলিশ। পর দিন তাকে মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা শাখা-ডিবি কার্যালয়ে নেওয়ার কথা বলেন সহকর্মী পুলিশ কর্মকর্তারা।
সম্প্রতি একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ওসি পরিচয়ে একজনকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করতে শোনা যায়।
ওসি রাকিবুলের নামে প্রচার করা ওই অডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।
ওই ব্যক্তি অডিওতে দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায়।
ওসি রাকিবুলের নামে ছড়িয়ে পড়া অডিওটি তারই কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।




























