কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে চালানো হয় এ অভিযান। জেলাজুড়ে চালানো এ অভিযানে আটক করা হয়েছে ছয়শ জনের বেশি মানুষকে। এদের মধ্যে রয়েছে কিশোর গ্যাংয়ের সদস্য, মাদকসেবী, রাজনৈতিক কর্মী ও ছিনতাইকারী।
আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান।
সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার শিকার হয়। তার হত্যার সঙ্গে ‘কিশোর গ্যাংয়ের’ সদস্যদের সম্পৃক্ততা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয় গণমাধ্যমে। এছাড়া স্থানীয় পর্যায়ে কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই নিয়েও অসন্তোষ দেখা দেয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজার পর কোটবাড়ী এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রেখেছিল কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পাশাপাশি জেলায়ও অপরাধীদের লাগাম টেনে ধরতে পুলিশের কঠোর তৎপরতার দাবি উঠতে থাকে। এর মধ্যে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হলো।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান আগামীর সময়কে বলেছেন, কুমিল্লার বিভিন্ন এলাকায় বুধবার রাতভর একযোগে অভিযান চালিয়ে ছয় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী, রাজনৈতিক দলের কর্মী, মাদকসেবীরা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
পুলিশ সুপার আনিসুজ্জামান বললেন, এদের মধ্যে যদি কোনো স্কুল বা কলেজ ছাত্র থেকে থাকে তাদের পরিবার বা কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।


































