দুপুরের মধ্যে দেশের ১১টি অঞ্চলে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে রাজধানী ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
আজ ঢাকার দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমে যেতে পারে।
এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


































