ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার ভোরে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের নাম শওকত বেপারী। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। অন্যদিকে গুরুতর আহত ব্যক্তির নাম মো. ইমরান মন্ডল। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ গ্রামের আবদুল আজিজের ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোর ৫টা ৪৫মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিল। এ সময় মাওয়াগামী দ্রুতগতির অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার ছিটকে পড়ে আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহার করে আটকা পড়া হেলপারকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজ পরীক্ষা-নিরীক্ষা শেষে শওকত বেপারীকে মৃত ঘোষণা করেন। এতে গুরুতর আহত মো. ইমরান মন্ডলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজাদ হোসেন।






























